গাজীপুরের শ্রীপুরে একটি ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা শাহিন হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাদিয়ারচালা এলাকার দুলালের বহুতল ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটের তালা ভেঙে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত শাহিন (৩২) শেখ রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মো. রতন মিয়ার ছেলে এবং রাজাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন ও আমেনা নামের এক নারী স্বামী-স্ত্রীর পরিচয়ে ওই ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। আমেনা একই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আরব আলীর মেয়ে এবং তিন সন্তানের জননী।
নিহতের স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যার পর আমেনা তার তিন সন্তানকে নিয়ে পালিয়ে গেছেন। নিহতের বড় ভাই আজহার আহমেদ জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বন্ধু আল আমীনের মাধ্যমে তিনি শাহিনের মৃত্যুর খবর পান। ঘটনাস্থলে গিয়ে তিনি ঘর তালাবদ্ধ দেখতে পান এবং পরে ৯৯৯-এ কল করে পুলিশকে জানান। তিনি অভিযোগ করেন, আমেনা কৌশলে তার ভাইকে পরকীয়ার ফাঁদে ফেলেছিলেন। তার দাবি, আমেনা লোকজন নিয়ে জানালার গ্রিলের সঙ্গে রশি পেঁচিয়ে শাহিনকে হত্যা করেছেন এবং পরে মরদেহ বিছানার ওপর রেখে ঘরে তালা লাগিয়ে পালিয়ে গেছেন। নিহতের গলায় কালো প্যাঁচানো দাগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
নিহতের মা রাহিমা অভিযোগ করেন, আমেনা তার ছেলেকে আটকে রেখেছিলেন এবং বিদেশে যাওয়ার সব টাকা আত্মসাৎ করেছেন। তিনি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। সোমবার সকাল ১০টার দিকে আমেনা তিন সন্তানসহ বাসা থেকে বেরিয়ে যান বলে স্থানীয়ভাবে জানা গেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।