কুষ্টিয়ার কুমারখালীতে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ১৩ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের ঢেকিপাড়া সাঁওতা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কিশোর ও ভুক্তভোগী ছাত্রী সম্পর্কে চাচাতো ভাই-বোন এবং তারা একই স্কুলের শিক্ষার্থী। আজ বিকেলেই আদালতের মাধ্যমে ওই কিশোরকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে ওই স্কুলছাত্রীর মা মারা যান। এরপর থেকে সে তার দাদির কাছেই থাকত। গত ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে সাঁওতা ব্রিজের ওপর থেকে মেয়ের কাছে ১০ টাকা পৌঁছে দেওয়ার জন্য ওই কিশোরকে বাড়িতে পাঠান ছাত্রীর বাবা। বাড়িতে গিয়ে কিশোরটি দেখতে পায় মেয়েটি নিজের ঘরে বসে ভাত খাচ্ছে। অভিযোগ রয়েছে, এ সময় ভাত খাওয়ার কথা বলে সে ছাত্রীকে খাটের ওপর নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
ধর্ষণের এই ঘটনাটি নিয়ে প্রথমে পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা চালানো হয়েছিল। তবে গত সোমবার পুলিশ বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে কুমারখালী থানায় নিয়ে আসে। এরপর ওই দিনই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে আজ মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি নিয়ে পুলিশি তদন্ত চলছে এবং তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।