বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দ্রুত খুলে দিয়ে নৌ চলাচল স্বাভাবিক করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে ৮০টি দেশ। একই সঙ্গে ইরান ও তাদের মিত্র গোষ্ঠী হুতিদের সাম্প্রতিক বিভিন্ন হামলার কঠোর নিন্দা জানিয়েছে দেশগুলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ৮০টি দেশের পক্ষে একটি যৌথ বিবৃতি পড়ে শোনান বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ বিন রশিদ আল জায়ানি। বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, হরমুজ প্রণালিতে ইরানের বর্তমান কর্মকাণ্ড আন্তর্জাতিক নিরাপত্তা এবং নৌ চলাচলের অধিকার ও স্বাধীনতার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার ওপর।
বিবৃতিতে আরও বলা হয়েছে, কোনো ধরনের বিলম্ব ছাড়াই নৌ চলাচলের অধিকার ও সংশ্লিষ্ট নীতিমালা পুরোপুরি পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি। মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর জন্য এই জলপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ফেব্রুয়ারি মাসে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি শুরুর পর থেকে তেহরান প্রণালিটি বন্ধ ঘোষণা করে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়েছে। ৮০টি দেশের এই যৌথ আহ্বানের মাধ্যমে হরমুজ প্রণালিতে অবাধ ও নিরাপদ নৌ চলাচল পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ আরও বৃদ্ধি পেল।