আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) একটি ভয়াবহ সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আল জাজিরার বরাতে জানা গেছে, নিহতদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি কয়েকজন বেসামরিক নাগরিকও রয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রাথমিক তথ্যানুযায়ী, বিমানটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কিকউইত থেকে রাজধানী কিনশাসার উদ্দেশে যাত্রা করেছিল। যাত্রাপথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলট কোয়াঙ্গো প্রদেশের কেঙ্গে এলাকায় জরুরি অবতরণের চেষ্টা করেন। তবে কোয়াঙ্গো প্রদেশের উপগভর্নর রেমি সাকি বোকিন্ডা জানিয়েছেন, কেঙ্গেতে কোনো রানওয়ে না থাকায় বিমানটি একটি আবাসিক এলাকায় গিয়ে বিধ্বস্ত হয়।
সামরিক বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, নিহতদের মধ্যে দুই জেনারেলের সঙ্গে থাকা সরকারি প্রতিনিধি দলের সদস্য এবং সামরিক বাহিনীর কয়েকজন সদস্য ছিলেন। উপগভর্নর রেমি সাকি বোকিন্ডা আরও জানান, দুর্ঘটনার পর অধিকাংশ মরদেহের অবস্থা এতটাই শোচনীয় ছিল যে, সেগুলো পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।