শরীয়তপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় অবস্থিত কার্যালয়টিতে তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়। চোরেরা ভেতর থেকে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে। তবে কার্যালয়ের গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র চোরেরা স্পর্শ করেনি বলে জানা গেছে।
কার্যালয় সূত্রে জানা যায়, ধানুকা এলাকায় অবস্থিত একটি ভাড়া বাসায় তাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয়। গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কর্মকর্তা ও কর্মচারীরা কাজ শেষে কার্যালয়ের দরজা তালাবদ্ধ করে চলে যান। দুই দিন বন্ধ থাকার পর শনিবার সন্ধ্যায় অফিস সহকারী বোরহান হাওলাদার জরুরি প্রয়োজনে কার্যালয়ে এসে দরজার তালা ভাঙা দেখতে পান।
বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মাসুদ মামুন জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মোট পাঁচটি তালা ভাঙা হয়েছে। তিনি আরও নিশ্চিত করেন যে, কোনো নথিপত্র তছনছ করা হয়নি। এ বিষয়ে থানায় জানানো হয়েছে এবং পুলিশ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানিয়েছেন, বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চুরির ঘটনার পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবে।