নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার হওয়ায় আবুল কালাম নামে এক পুলিশ কনস্টেবলের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় মাদক কারবারিরা তাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে তার বাম পায়ের রগ কেটে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
আহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, আবুল কালাম উত্তর মাসাবো এলাকার বাসিন্দা। তিনি আগে হবিগঞ্জে কর্মরত ছিলেন এবং প্রায় পাঁচ বছর আগে ঢাকায় এপিবিএনে বদলি হন। এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। মাদক কারবারিরা বিভিন্ন সময় তাকে হুমকি-ধমকিও দিয়ে আসছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে স্থানীয় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত শাহাদাতের ছোট ভাই শাহজালাল মোবাইল ফোনে আবুল কালামকে ডেকে নেয়। এরপর তাকে মাসাবো এলাকার একটি বিলের পাশে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা শাহজালালসহ ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে বেধড়ক মারধর ও কুপিয়ে হাত-পা ভেঙে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে তার বাম পায়ের রগ কেটে দেয়।
আবুল কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
রূপগঞ্জ থানার ওসি জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।