রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের শোবার ঘরের বিছানা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন ওই গ্রামের মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং তার স্ত্রী স্বপ্না বেগম (৩৮)। পেশায় ভ্যানচালক মনিরুল ও তার স্ত্রী দীর্ঘ প্রায় এক যুগ ধরে বিবাহিত জীবন কাটালেও তাদের কোনো সন্তান ছিল না।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার পর মনিরুল ও তার স্ত্রীকে ঘুম থেকে উঠতে না দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। ডাকাডাকির পরও কোনো সাড়া না পাওয়ায় ঘরের পাশের একটি কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন স্বজনরা। এ সময় একই বিছানায় স্বামী-স্ত্রীকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে বাঘা থানা পুলিশের একটি দল দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বিছানার একপাশ থেকে একটি খালি বিষের বোতল উদ্ধার করা হয়েছে এবং পুরো ঘরে বিষের গন্ধ পাওয়া গেছে।
নিহতের ভাইয়ের স্ত্রী পাখি খাতুন জানান, মনিরুল আলাদা ঘর করে থাকতেন এবং তাদের দাম্পত্য জীবনে সন্তান না থাকাটা একটি কষ্ট থাকলেও এমন ঘটনা ঘটবে তা অবিশ্বাস্য। স্থানীয় সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন জানান, তাদের মধ্যে কোনো মনোমালিন্য ছিল না। স্বপ্না বেগমের ভগ্নিপতি ঈমাম উদ্দিন জানান, ঘরের দরজা ভেতর থেকে লাগানো ছিল এবং তারা ধারণা করছেন এটি আত্মহত্যা হতে পারে, তবে প্রকৃত কারণ এখনও অজানা।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেরাজুল হক জানান, ঘটনাস্থল থেকে বিষের বোতল উদ্ধার করা হয়েছে এবং মরদেহের মুখেও বিষের গন্ধ পাওয়া গেছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা নিশ্চিত হতে তদন্ত চলছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য আলামত পর্যালোচনার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ওসি।