গোপালগঞ্জে আদালত চলাকালে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিচারকের ছোড়া পেপার ওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামের এক শিক্ষানবিশ আইনজীবী আহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) গোপালগঞ্জ আদালত-২-এ এ ঘটনা ঘটে। আহত আইনজীবীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বিচারক মো. সুজন মিয়া আদালত পরিচালনার সময় আইনজীবীদের বসার বেঞ্চের পেছনের দিকে কয়েকজন আইনজীবীকে কথা বলতে দেখেন। এ সময় বিচারক মো. সুজন মিয়া লক্ষ্য করে কাঁচের তৈরি একটি পেপার ওয়েট ছুড়ে মারেন। এতে শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার মাথায় আঘাত লাগে এবং তার মাথা ফেটে যায়।
এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান বিচারকের এমন আচরণকে অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করেছেন। এছাড়া জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আলম সেলিম এই ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন। ঘটনার বিষয়ে জানতে বিচারক মো. সুজন মিয়ার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।