বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের পর বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার এ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি প্রদান এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই গ্রেপ্তারের ঘটনা ঘটল। শুক্রবার দুপুরে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সরকারি কাজে বাধা ও বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টির মতো অভিযোগে করা এই মামলায় দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এদিকে, এই মামলার এজাহার আদালতে উপস্থাপনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর আগামী ১০ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বর্তমানে বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলাম মামলাটির তদন্ত করছেন।